মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা
বিশ্বকাপে চলছে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ। যুক্তরাষ্ট্রের ক্যানসাসে বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হয়েছে ‘জে’ গ্রুপের ম্যাচটি। ক্যানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে প্রথমার্ধে লিওনেল মেসির গোলে ১-০’তে এগিয়ে আর্জেন্টিনা।
দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে ২০২২ কাতার আসরে লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা স্বাদ নেয় তাদের তৃতীয় বিশ্বকাপ। এবারের উত্তর আমেরিকা আসরে তাই শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ মেসিদের। সে লক্ষ্য নিয়ে বিশ্বকাপ শুরুর ষষ্ঠ দিনে এসে মাঠে নামে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ আফ্রিকার ‘মরু সিংহ’ আলজেরিয়া।
ক্যানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপ খেলতে নামা মেসির অধিনায়কত্বে শুরুটাও ভালো হয় আর্জেন্টিনার। পঞ্চম মিনিটেই আলজেরিয়ার জালে বল পাঠান ফুটবলের মহাতারকা। অবশ্য অফসাইডের কারণে এগিয়ে যাওয়া হয়নি লা আলবিসেলেস্তাদের। ছয় গজ বক্সের জটলা থেকে ঠিকানা খুঁজে নিয়েছিলেন আর্জেন্টাইন অধিরায়ক। অবশ্য অফ সাইডের কারণে গোল মেলেনি। দুই মিনিট পর আলজেরিয়ার গোলও একই কারণে বাতিল হয়। প্রথম পোস্ট দিয়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে পরাস্ত করেছিলেন ফরোয়ার্ড ফারেস চাইলি। জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নামা মেসি ১৭ মিনিটে আর হতাশ করেননি। দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে লিড এনে দেন ৩৮ বছরের ফুটবল সুপারস্টার। মিডফিল্ড থেকে রদ্রিগো দে পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে আর্জেনন্টান অধিনায়ক পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন। আর্জেন্টিনার হয়ে এটি মেসির ১১৮তম আর বিশ্বকাপে ১৪তম গোল।
এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ছেলেদের বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি আসরে খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন কিংবদন্তি। এবারের আসরে পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলকিপার গিয়ের্মো ওচোয়া মাঠে নামলে তাঁরাও মেসির এ রেকর্ডে ভাগ বসাবেন।
বিভি/এসজি



মন্তব্য করুন: