অবশেষে হারলো এশিয়ার দল, ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে অস্ট্রিয়ার জয়
দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, ইরাক, সৌদি আরব ও কাতারের পর বিশ্বকাপ মিশনে নেমেছিল জর্ডান। তবে বাকি দলগুলো জয় ও ড্র করলেও হার এড়াতে পারলো না প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা জর্ডান। গ্রুপ-জে’র প্রথম ম্যাচে তারা অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে।
শেষবার ১৯৯৮ সালে বিশ্বকাপে খেলেছিল অস্ট্রিয়া। এরপর ২৮ বছর পর ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয় অস্ট্রিয়া। দীর্ঘ এই অপেক্ষার পর বিশ্বমঞ্চে ফিরে প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাল দলটি। যোগ হওয়া সময়ে পেনাল্টি থেকে অস্ট্রিয়ার স্কোরশিটে নাম লিখিয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো অরনাটোভিচ।
সান ফ্রান্সিসকোর অদুরে লেভাইস স্টেডিয়ামে অস্ট্রিয়ানদের শুরুটা দুর্দান্ত হয়েছিল। ২০ মিনিটে দুরপাল্লার জোড়ালো শটে রোমানো শিমিড অস্ট্রিয়াকে এগিয়ে দেন।
পিছিয়ে পড়েও জর্ডান কখনই ম্যাচ ছেড়ে দেয়নি। বিরতির পরপরই আলি ওলওয়ানের হেডে তারা সমতা ফেরায়। বিশ্বকাপের ইতিহাসে এটি জর্ডানের প্রথম গোল। যদিও খুব বেশীক্ষন এই উদযাপন স্থায়ী হয়নি। ৭৬ মিনিটে ইয়াজান আল-আরবের আত্মঘাতি গোলে অস্ট্রিয়া আবারও লিড পায়। যোগ হওয়া সময়ের ১২ মিনিটে ওয়েস্ট হ্যামের সাবেক ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড অরনাটোভিচ পেনাল্টি থেকে অস্ট্রিয়ার তৃতীয় গোলটি করেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: