বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৩০, ১৭ জুন ২০২৬

চালের বাজারে স্বস্তি, বড় ধরনের মূল্যবৃদ্ধি নেই: বাণিজ্যমন্ত্রী

চালের বাজারে স্বস্তি, বড় ধরনের মূল্যবৃদ্ধি নেই: বাণিজ্যমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সরকারের হাতে চাল ও গমের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং বাজারে কোনো সংকটের আশঙ্কা নেই।

বুধবার রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার খুচরা বাজার ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

সম্প্রতি একটি সংবাদপত্রে চালের দাম বেড়েছে বলে খবর প্রকাশিত হলে তার সত্যতা যাচাই করতে মন্ত্রী সরেজমিনে বাজার পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি জানান, ঈদের পর কিছু কিছু ধরনের চালের দাম কেজিতে এক থেকে দেড় টাকা পর্যন্ত বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে এটিকে বড় ধরনের মূল্যবৃদ্ধি হিসেবে দেখার সুযোগ নেই।

মন্ত্রী আরও বলেন, কিছু মিল মালিক বস্তাপ্রতি প্রায় ১০০ টাকা দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু বাজারে সেই দাম কার্যকর হয়নি এবং পরে তা কমে এসেছে।

চালের বাজারে বিভিন্ন মানের কারণে স্বাভাবিকভাবেই দামের পার্থক্য থাকে উল্লেখ করে তিনি বলেন, ভালো ও মাঝারি মানের চালের ক্ষেত্রে কেজিতে দুই থেকে চার টাকা পর্যন্ত পার্থক্য দেখা যায়। এছাড়া নতুন ও পুরোনো চালের মধ্যেও দামের কিছুটা তারতম্য থাকে।

তিনি বলেন, নতুন মৌসুমে ধানের ফলন ভালো হলে নতুন চালের দাম তুলনামূলক কম থাকে। বাজারে এ ধরনের এক থেকে দুই টাকার ওঠানামা স্বাভাবিক প্রবণতা এবং এতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

সার্বিকভাবে চালের বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী।