হোয়াইট হাউজে হামলার ছক নস্যাৎ, পাঁচজন হেফাজতে
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) দাবি করেছে, হোয়াইট হাউজে অনুষ্ঠিত একটি বড় অনুষ্ঠানে হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার এফবিআই জানায়, গত রোববার হোয়াইট হাউজের দক্ষিণ লনে অনুষ্ঠিত UFC America 250 উপলক্ষে একটি সমন্বিত হামলার ছক ছিল। আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)-এর এই মিক্সড মার্শাল আর্ট ইভেন্টে বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।
আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, বিস্ফোরকবোঝাই ড্রোন ব্যবহার করে হোয়াইট হাউজের উত্তর পাশে আঘাত হানার পরিকল্পনা ছিল। এর মাধ্যমে উপস্থিত লোকজনকে নির্দিষ্ট পথে ঠেলে দিয়ে পালানোর সময় রাজনীতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্নাইপার দিয়ে গুলি করার পরিকল্পনা করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ৮০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়। এতে রিপাবলিকান দলের জ্যেষ্ঠ আইনপ্রণেতা, দাতা ও প্রশাসনের কর্মকর্তারাও অংশ নেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এ আয়োজন করা হয়েছিল।
আদালতের নথিপত্র অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা সরকারবিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যৌন অপরাধী জেফরি এপস্টাইন-সংক্রান্ত তদন্ত ফাইল ব্যবস্থাপনা নিয়েও তাদের মধ্যে ক্ষোভ ছিল।
এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ১০ জুন সংস্থাটি সম্ভাব্য এই হুমকির বিষয়ে জানতে পারে এবং দ্রুত পদক্ষেপ নেয়।
হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত তিনজনের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও অস্ত্র সংক্রান্ত অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
তদন্তে আরও জানা গেছে, ওহাইও অঙ্গরাজ্যে এক সন্দেহভাজনের মায়ের তথ্যের ভিত্তিতেই এই চক্রান্তের সূত্র পাওয়া যায়। ১৯ বছর বয়সী ওই তরুণের অস্বাভাবিক অস্ত্র ক্রয় ও অনলাইন যোগাযোগের বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু হয়।
এদিকে ফ্রান্সে জি৭ সম্মেলনে অবস্থানরত প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই হামলার পরিকল্পনা সম্পর্কে তিনি পূর্বে কিছু জানতেন না।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, এ ধরনের হামলার পেছনে বড় ধরনের সমন্বিত নেটওয়ার্ক থাকতে পারে এবং তা খতিয়ে দেখা হচ্ছে।
কর্তৃপক্ষের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং একটি সুপরিকল্পিত ও সমন্বিত সন্ত্রাসী চক্রান্তের ইঙ্গিত দেয়।