ব্রাজিল সমর্থক হয়েও আর্জেন্টিনার পাশে পড়শী
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন ভক্ত-সমর্থকদের পাশাপাশি শোবিজ অঙ্গনেও বইছে উৎসবের আমেজ। প্রিয় দল নিয়ে চলছে আলোচনা, বিশ্লেষণ আর উচ্ছ্বাস।
এই বিশ্বকাপ জোয়ারে শামিল হয়েছেন সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। নিজেকে বরাবরই ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচয় দিলেও এবার তিনি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জন্য জানিয়েছেন শুভকামনা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি শেয়ার করেন পড়শী। তবে ছবির ক্যাপশনে ভিন্ন বার্তা দিয়ে সবার নজর কাড়েন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’
পড়শীর এই ব্যতিক্রমী মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্ত-অনুরাগীরাও তার এই ইতিবাচক মনোভাবকে স্বাগত জানিয়ে মন্তব্য করেন।
ব্রাজিলের সমর্থক হয়েও প্রতিদ্বন্দ্বী দলের জন্য এমন শুভকামনা জানানোয় অনেকেই তার ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বা খেলোয়াড়সুলভ মানসিকতার প্রশংসা করেছেন।
বিশ্বকাপের উত্তাপে যেখানে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে ওঠে, সেখানে পড়শীর এই বার্তা ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ চেতনারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।