ময়মনসিংহের ধোবাউড়ায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ৪ বছর বয়সী শিশু নিসার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বুধবার বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টেংগটি গ্রামে নিসার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক প্রিন্স।
তিনি নিহত শিশুটির বাবা-মাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সান্ত্বনা দেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় নিসার বাড়িতে এক হৃদয়বিদারক ও বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, নিসার ওপর সংঘটিত এই নির্মম, বর্বর ও অমানবিক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার নেই। একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন পাশবিকতা গোটা সমাজকে লজ্জিত করেছে।
তিনি বলেন, ইতোমধ্যে পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে এবং তাদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমরা আশা করি তদন্ত দ্রুত সম্পন্ন হবে এবং প্রকৃত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।
প্রিন্স আরও জানান, ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার লক্ষ্যে তিনি আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তিনি জানান, আইনমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, ঢাকার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারের মতোই নিসার ধর্ষণ ও হত্যা মামলারও দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এ বিষয়ে তিনি মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রয়োজনীয় তদারকির দায়িত্বও প্রদান করেছেন।
তিনি আরও বলেন, আমি এ বিষয়ে প্রশাসন, পুলিশ এবং আইন মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। কোনোভাবেই যেন এই ঘটনার বিচার প্রক্রিয়া বিলম্বিত না হয় এবং অপরাধীরা যেন আইনের সর্বোচ্চ শাস্তি পায়, সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এলাকাবাসীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে শোকসন্তপ্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, গোয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টোটন, সদস্য সচিব আনসার আলী তুলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বিএম