সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন হাজিরা নিশ্চিত করতে গিয়ে ঝুঁকি নিয়েছেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এক প্রধান শিক্ষক। মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিদ্যালয় থেকে অনেক উঁচু পাহাড়ে উঠে আম গাছের ডালে বসে অনলাইনে হাজিরা পাঠাতে হয়েছে তাঁকে। সোমবার ঘটনাটি ঘটে উপজেলার রূপকারী ইউনিয়নের পাকুয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহেরের আম গাছে উঠে মোবাইল নেটওয়ার্ক খোঁজার একটি ছবি সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে। জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতার ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে। সোমবার থেকে কার্যকর এ নির্দেশনার প্রথম দিনেই বিপাকে পড়েন প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের।
তিনি জানান, তাঁর বিদ্যালয়টি দুই পাহাড়ের মাঝখানে অনেকটা নিচে অবস্থিত। বিদ্যালয়ের ছাদে উঠেও কোনো মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়নি। পরে পাহাড়ের চূড়ায় উঠে বিভিন্ন স্থানে চেষ্টা করেও নেটওয়ার্ক না পেয়ে শেষ পর্যন্ত একটি আম গাছে উঠে সংযোগ পান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা বলেন, ‘উপজেলার ১৬৬টি বিদ্যালয় থেকে প্রথম দিন ডিজিটাল হাজিরা পেয়েছি প্রায় ৮৮টির। যেসব এলাকায় নেটওয়ার্ক সংযোগ দুর্বল সেখানকার শিক্ষকরা হাজিরা দিতে পারেননি।’ অন্যদিকে সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ে যেমন নেটওয়ার্ক থাকে না তেমন শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিও থাকে না। দুর্গম অঞ্চলে শিক্ষার আলো পৌঁছালেও তদারকি দুর্বল। বিদ্যালয়ে ডিজিটাল উপস্থিতির পাশাপাশি সরেজমিন তদারকির জন্য পরিদর্শক থাকা প্রয়োজন।