কুমিল্লার তিতাস উপজেলায় টিউবওয়েল ব্যবহারের বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার কেশবপুর গ্রামের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল মানিক (৪৫) ওই গ্রামের বাসিন্দা এবং হাবিবুর রহমান মিয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, টিউবওয়েল ব্যবহারের বিষয় নিয়ে ইসমাইল মানিকের সঙ্গে তার ছোট ভাই রাজীব ইসলাম সাগরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নিলে রাজীব হাতে থাকা কোদাল দিয়ে মানিককে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর অভিযুক্ত রাজীব ইসলাম সাগর এলাকা ছেড়ে পালিয়ে যান।
নিহতের মেয়ে রাইসা আক্তার জানান, টিউবওয়েল ব্যবহারের বিষয় নিয়ে তার বাবার সঙ্গে চাচার বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে চাচা কোদাল দিয়ে তার বাবার গলায় আঘাত করলে তিনি মারা যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কেশবপুরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এআইএস