মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গুইলারমো ওচোয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে তিনি জানিয়েছেন, চলমান বিশ্বকাপই হবে জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ টুর্নামেন্ট।
৪০ বছর বয়সী ওচোয়া ২০০৫ সালে মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেন। এরপর ২০০৬ বিশ্বকাপ দিয়ে শুরু হয় তাঁর বৈশ্বিক মঞ্চের যাত্রা, যা এখন পর্যন্ত ছয়টি বিশ্বকাপে গড়িয়েছে। জাতীয় দলের হয়ে ১৫০টিরও বেশি ম্যাচ খেলা এই গোলরক্ষক দীর্ঘ সময় ধরে মেক্সিকোর রক্ষণভাগের অন্যতম ভরসা হিসেবে পরিচিত ছিলেন।
ওচোয়া বলেন, ‘মেক্সিকো জাতীয় দল ছাড়া আমার ক্যারিয়ার কল্পনা করা কঠিন। জাতীয় দলই আমার জীবনের সবচেয়ে বড় অংশ। বিশ্বকাপের পর আমি আর ফুটবল খেলে যাওয়ার মানে দেখি না।’
ক্লাব ক্যারিয়ারের বড় অংশ মেক্সিকোর ঘরোয়া লিগেই কাটালেও ইউরোপে অল্প সময়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে বিশ্বকাপের মঞ্চেই বারবার নিজের দক্ষতা দিয়ে আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে বড় টুর্নামেন্টে তাঁর একাধিক অসাধারণ পারফরম্যান্স মেক্সিকোকে প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে টিকিয়ে রেখেছে বহুবার।
ফুটবলের ঐতিহ্যবাহী দেশগুলোর একটি হলেও সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বমঞ্চে ধারাবাহিক সাফল্য না পেলেও, ওচোয়া ছিলেন দলের অন্যতম স্থিতিশীল স্তম্ভ। তাঁর বিদায়ের ঘোষণার মাধ্যমে মেক্সিকান ফুটবলে এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে বুট তুলে রাখবেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
বিডি প্রতিদিন/এম.এস