শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কানাডার সাস্কাটুনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাস্কাটুনের মে-ফেয়ার ইউনাইটেড চার্চে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
সাস্কাচুয়ান বিএনপির সমন্বয়ক জিয়া উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং ফয়জুর রাজ্জাক পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শওকত হোসেন টগর, মনজুরুল সাহেদ ইফতেখার, গোলাম মোস্তফা রাসেল, তৌফীকুর রহমান চৌধুরী, দোলা পারভীনসহ আরও অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন এনায়েত আহমদ চৌধুরী, মো. ফখরুল ইসলাম, সৈয়দ আলিমুজ্জামান, মিনহাজুর রহমান কামরান আহমদ, শাকের আহমদ, জহরুল ইসলাম, আফরোজা আক্তার, জাহাঙ্গীর আলম, মিনহাজুর রহমান সাজু, শরিয়া ইফতেখার, আশরাফুল আলম, ফরহাদ আহমদ, বায়েজিদ রেজা, মিল্টন হোসেন, মনিরুজ্জামান ও ইমরান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জিয়াউর রহমান।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর দূরদর্শী নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির চলমান কর্মকাণ্ড নিয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সাস্কাটুন ওয়েস্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ হোসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া তারেক রহমানের দীর্ঘায়ু এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/এনআরএইচ