আজ পয়লা মহররম। ১৪৪৮ হিজরি সন তথা মুসলিম বর্ষপঞ্জির প্রথম দিন। আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল মুহাম্মদ (সা.)-এর হিজরতের স্মারক হিসেবে প্রবর্তিত হয় এই হিজরি বর্ষপঞ্জি। নামাজ, রোজা, হজসহ ইসলামি শরিয়ত তথা মুসলিম সমাজের রীতিনীতি পালনের অবিচ্ছেদ্য অংশ এ হিজরি সন। আহলান সাহলান মোবারক হো মাহে মহররম। আবার এ হিজরি সনের ১০ তারিখে মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র আশুরা। পৃথিবীর সব ধর্মে আশুরা গুরুত্বপূর্ণ এক দিন। বিশ্বাস করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এ দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। আশুরার দিনেই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে। এ দিনেই মুসা (আ.)-এর উম্মতেরা আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত নীল নদ পায়ে হেঁটে নিরাপদে পাড়ি দিয়েছিলেন এবং তাদের পিছু ধাওয়া করতে গিয়ে ফেরাউন ডুবে মরেছিলেন এ নীল নদেই। এ দিনেই ঐতিহাসিক কারবালা প্রান্তরে আল্লাহর প্রিয় নবী ও রাসুল মুহাম্মদ (সা.)-এর প্রিয় নাতি ইমাম হোসাইন (রা.)-কে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে। এতে আরও বলা হয়, গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।