প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসেছেন জিয়া ঐলী নামের এক যুবক। ব্যতিক্রমী এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জিনদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় চীনা যুবকের। জিয়া ঐলী চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন অনলাইনে কথা বলার পর সরাসরি দেখা করতে গত সোমবার রাতে উপজেলার নীলনগর এলাকায় স্বপ্নার মামার বাড়িতে পৌঁছান চীনা যুবক। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই তাকে দেখতে ভিড় করেন। এ বিষয়ে স্বপ্না আক্তার ও তার পরিবারের সদস্যরা জানান, চীনা যুবক স্বপ্নাকে বিয়ে করতে চান। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে জিয়া ঐলী ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রেখেছেন জাহিদ ইসলাম। যে কোনো সময় তাদের বিয়ে সম্পন্ন হবে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে অবগত নয়। খোঁজখবর নেওয়া হচ্ছে।