রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির আঘাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক এসআই আহত হয়েছেন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকালে আদাবরের তুরাগ হাউজিং এলাকার ডেল্টা গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
পুলিশ জানায়, আদাবর এলাকায় সক্রিয় ‘কবজি কাটা’ গ্রুপের ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালানোর সময় হামলার শিকার হন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ। অভিযানের একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালালে তারা আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা ব্যবস্থা নিলে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধরা হলেনÑ চোরা রুবেল ও কানা আমির। গ্রেপ্তার অন্য দুজন হলেনÑ কাশেম ও জয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ বলছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় একজন বিকাশ এজেন্টকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর ডেল্টা গার্মেন্টস সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তেজগাঁও থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ২২ জন, মোহাম্মদপুর থানা ৩৫ জন, আদাবর থানা পাঁচজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা চারজন ও হাতিরঝিল থানা পাঁচজনকে গ্রেপ্তার করে। অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি মো. ইবনে মিজান।