সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা বন্ধ করে সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এছাড়া দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে বলে জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম।
ফতুল্লায় পদ্মা রেললাইনের নিচ থেকে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শেখ রবিউল আলম বলেন, ?আমি যতটা জেনেছি এই মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম নয়। ওখানে যখন ব্রিজটা হয়েছে কিছু অবস্ট্রাকল রাখা হয়। ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়, সেখান থেকে মাটি সরানো হয়েছিল, ওটা প্রয়োজনেই সরানো হয়েছিল। কিন্তু পরে দেখা যাচ্ছে যে, এই সরানোটাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে না। নির্মাণকাজের অংশ হিসেবে অতিরিক্ত মাটি থাকে জানিয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিন এই মাটি সরানো হয়নি। ওটা একটু উঁচু হওয়ায় ওখান থেকে মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। ফলে সার্বিক বিবেচনায় ওটা সরানো হয়েছিল, ওইসব অতিরিক্ত মাটি ছিল। মন্ত্রী বলেন, আমরা ওখানে গাছ লাগানোর সিদ্ধান্ত দিয়েছি, ওখানে গাছ লাগানো হবে।
দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতু করার পরিকল্পনা আছে জানিয়ে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বর্তমানে দেশের ৪৯ জেলা রেল যোগাযোগের সাথে যুক্ত আছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, আরও ১০টি জেলায় রেল যোগাযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি বাস্তবায়নে প্রকল্প নেয়া হবে।
ঢাকার পার্শ্ববর্তী এবং দেশের দক্ষিণাঞ্চলের জেলা রেল সেবা সম্প্রসারিত হচ্ছে বলেও জানান মন্ত্রী। ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর চিন্তা করছে সরকার এছাড়াও রাজধানীর আশপাশের এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ নিয়ে ভাবা হচ্ছে বলেও জানান তিনি।
রাজধানীর বাস স্ট্যান্ড সড়ানো নিয়ে মন্ত্রী বলেন, রাজধানীর মহাখালী টার্মিনাল সরাতে উত্তরার একটি জায়গায় ৫০ বিঘা জমি অধিগ্রহণের চিন্তা করা হচ্ছে। সব বাস স্ট্যান্ডই সরবে তবে সেটি রাতারাতি নয়। বর্তমানে অস্থায়ী ডিপোতে বাস রাখার ব্যবস্থা হবে। শুধু যাত্রী নেওয়ার সময় টার্মিনালে বাস আসবে।