দীর্ঘ প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক চুক্তিটি সুইজারল্যান্ডের বিখ্যাত পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টকে স্বাক্ষরিত হতে যাচ্ছে। সুইস কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিশ্চিত করেছে যে, আগামী শুক্রবার এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী জেনেভায় এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করে লেক লুসার্নের মনোরম পরিবেশে অবস্থিত বুর্গেনস্টক রিসোর্টকে বেছে নেওয়া হয়েছে।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বিশেষ ভেন্যুটি নির্ধারণের আগে তারা যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করেছে। আগামী ১৯ জুন নিডওয়াল্ডেন ক্যান্টনের বুর্গেনস্টক রিসোর্টে চুক্তিটি স্বাক্ষরের জন্য সব পক্ষ একমত পোষণ করেছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীদের পাশাপাশি ওয়াশিংটন এবং তেহরান যৌথভাবে এই ভেন্যুটির প্রস্তাব দিয়েছিল।
ঐতিহাসিক এই কূটনৈতিক আসরকে ঘিরে সুইজারল্যান্ডে এখন নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। সুইস সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো অনুষ্ঠানস্থলের সার্বিক নিরাপত্তায় প্রায় দুই হাজার সেনাসদস্য মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামী ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত বুর্গেনস্টক পাহাড়ি এলাকার ওপর দিয়ে সব ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।
উচ্চপর্যায়ের বৈশ্বিক কূটনৈতিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে বুর্গেনস্টক রিসোর্টের সুনাম বেশ পুরোনো নয়। এর আগে ২০২৪ সালের জুন মাসে এই রিসোর্টেই বিশ্বনেতাদের অংশগ্রহণে বহুল আলোচিত ইউক্রেন শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এ ছাড়া রুপালি পর্দার দর্শকদের কাছেও এই স্থানটির আলাদা পরিচিতি রয়েছে; ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত শন কনারি অভিনীত বিখ্যাত জেমস বন্ড চলচ্চিত্র ‘গোল্ডফিঙ্গার’-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয়েছিল এই চোখজুড়ানো বুর্গেনস্টক রিসোর্টেই।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কেএইচটি