আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দাপুটে জয়ের আনন্দ শুধু কানসাস সিটির গ্যালারিতেই সীমাবদ্ধ ছিল না। হাজার হাজার কিলোমিটার দূরের বাংলাদেশেও সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, আর সেই দৃশ্য এবার জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার শীর্ষ গণমাধ্যমগুলোর প্রতিবেদনে।
বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের এমন আবেগঘন উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যমগুলোও সেই দৃশ্য নিজেদের প্ল্যাটফর্মে প্রকাশ করে।
বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের উদ্যাপনের এক ভিডিও আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস, ডায়রিও ওলে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। টিওয়াইসি স্পোর্টস এক্স হ্যান্ডলে ক্যাপশনে দিয়েছে, ‘মেসির একটি গোলের পর বাংলাদেশে এভাবেই উদ্যাপন করা হয়েছিল।’ ডায়রিও ওলে ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘এভাবেই বাংলাদেশে আর্জেন্টিনার জয় উদ্যাপন করা হয়েছিল।’
বিশ্বকাপ এলেই বাংলাদেশে ফুটবলপ্রেমীদের বড় একটি অংশ আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুই শিবিরে ভাগ হয়ে যায়। প্রিয় দলের জয়-পরাজয়ের সঙ্গে সমর্থকদের আবেগও ওঠানামা করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর্জেন্টিনার জয় যেন দেশের বহু জায়গায় উৎসবের উপলক্ষ্য হয়ে দাঁড়ায়।
অন্যদিকে মাঠের খেলায়ও আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়ও উঠে আসেন তিনি।
এছাড়া ৩৮ ব ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এক ম্যাচে তিন গোল করার নতুন কীর্তিও গড়েছেন মেসি। ফলে মাঠের নায়ক যেমন তিনি, তেমনি মাঠের বাইরেও তার নামেই উদযাপনে মেতেছে বাংলাদেশ।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমে সেই উদযাপনের ছবি ও ভিডিও প্রকাশ পাওয়ার পর আবারও প্রমাণ মিলল ফুটবলের প্রতি বাংলাদেশের আবেগ আর আর্জেন্টিনার প্রতি সমর্থকদের ভালোবাসা বিশ্বজুড়েই আলাদা করে নজর কাড়ে।
বিডি-প্রতিদিন/এআইডি