কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়ম ও ফলাফল স্থগিতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, দেশের বিভিন্ন জেলায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যেসব নিয়োগে অনিয়ম প্রমাণিত হবে, সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়া হবে।
বুধবার সকাল ১০টার দিকে আকস্মিকভাবে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, প্যাথলজি বিভাগ, এক্স-রে কক্ষ, রেবিস ভ্যাকসিন কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান এবং কোনো ধরনের ভোগান্তির বিষয়ে খোঁজ নেন। এ ছাড়া উপ-পরিচালকের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পর্যায়ক্রমে দেশের সব জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করা হচ্ছে।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্যখাতে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে সেবাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে। জনগণের প্রয়োজন বিবেচনায় নতুন হাসপাতাল স্থাপন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ এবং জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যখাতে গতি ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।
মন্ত্রী জানান, পরিদর্শনে হাসপাতালের কিছু ত্রুটি ধরা পড়েছে। কয়েকজন চিকিৎসক নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না এবং ড্রেনেজ ব্যবস্থায়ও কিছু সমস্যা রয়েছে। এসব দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বন্ধ থাকা ওয়ার্ডগুলো দ্রুত চালু করা হবে এবং বর্তমানে বন্ধ থাকা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসাসেবাও পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে। একই সঙ্গে রোগীদের প্রতি আন্তরিক আচরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সেবার মান আরও উন্নত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে কলেজটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
এ সময় জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. এস. এম. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমএল