বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ১২:৪১, ১১ জুন ২০২৬ | আপডেট: ১২:৪৩, ১১ জুন ২০২৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সের রক্তদান কর্মসূচি

ইউএস-বাংলা এয়ারলাইন্সের রক্তদান কর্মসূচি

আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে আগামী ১৪ জুন (রবিবার) রাজধানীর উত্তরায় অবস্থিত ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর কর্পোরেট অফিসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে এয়ারলাইন্সটির কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করবেন।

মানবিক দায়বদ্ধতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্তভাবে রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচির শুরুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে এয়ারলাইন্সটির মেডিকেল সার্ভিস টিম এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা, থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

সেমিনার শেষে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হবে। আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মীরা মানবিক সহায়তা ও সামাজিক দায়িত্ববোধের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স মনে করে, নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদান শুধু জীবন রক্ষায় সহায়তা করে না, বরং একটি সহমর্মী, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের মানুষের কল্যাণে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।