বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ২১:০৫, ১৩ জুন ২০২৬

জুলকান ইনডোর অ্যারেনায় জমজমাট ‘জুলকান বিটডাউন’

জুলকান ইনডোর অ্যারেনায় জমজমাট ‘জুলকান বিটডাউন’

ঢাকার জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হলো দেশের অ্যামেচার কমব্যাট স্পোর্টসের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট ‘জুলকান বিটডাউন (Zulcan Beatdown)’। গতকাল দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই আয়োজন শেষ হয় দর্শকদের উপচে পড়া ভিড় ও তুমুল উচ্ছ্বাসের মধ্য দিয়ে।

বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) এবং কিকবক্সিং—তিনটি ভিন্ন ইভেন্টে কেইজ ফাইটের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। প্রথমবারের মতো রিংয়ে নামা একঝাঁক তরুণ-তরুণী ক্রীড়াবিদের অংশগ্রহণে মোট ১৮টি হাই-ভোল্টেজ লড়াই অনুষ্ঠিত হয়।

আয়োজকদের মতে, দেশের কমব্যাট স্পোর্টস প্রতিভাবানদের আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম তৈরি করাই ছিল এই টুর্নামেন্টের প্রধান লক্ষ্য। প্রতিটি লড়াইয়ে খেলোয়াড়দের আক্রমণাত্মক কৌশল, নিখুঁত টেকনিক এবং অদম্য মানসিকতা মুগ্ধ করে দর্শকদের।

পুরো আয়োজনজুড়ে দর্শক, প্রশিক্ষক ও ক্রীড়া সংশ্লিষ্টরা খেলোয়াড়দের স্ট্যামিনা ও পেশাদার আচরণের ভূয়সী প্রশংসা করেন। কমব্যাট স্পোর্টসের নতুন কেন্দ্র হিসেবে পরিচিত জুলকান ইনডোর অ্যারেনায় এ আয়োজন দেশের মার্শাল আর্টস সংস্কৃতির বিকাশে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন আয়োজকরা।

বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অব অপারেশন্স মাসুদুর রহমান মান্না বলেন, “ভবিষ্যতে প্রফেশনাল ফাইটার পেতে হলে অ্যামেচার ফাইটকে সবচেয়ে বেশি উৎসাহ দিতে হবে। দেশের বিভিন্ন কমব্যাট জিমকে সঙ্গে নিয়ে অ্যামেচার ফাইটকে এগিয়ে নিতেই এই আয়োজন।”

আয়োজকদের প্রত্যাশা, এই প্ল্যাটফর্ম থেকে উঠে আসা নতুন প্রজন্মের যোদ্ধারাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজ পতাকা গর্বের সঙ্গে তুলে ধরবে।