বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

শরিফুল ইসলাম সেতু,  মধুখালী উপজেলা প্রতিনিধি, ফরিদপুর

প্রকাশ: ২১:২৪, ৮ জুন ২০২৬ | আপডেট: ২১:২৭, ৮ জুন ২০২৬

মধুখালীর কামালদিয়া ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড, পালিয়েছে বর

মধুখালীর কামালদিয়া ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড, পালিয়েছে বর

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ। সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামে বরযাত্রী আসার আগেই বিয়ের আয়োজন বন্ধ করে দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত জানান, উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সাথে বিবাহের আয়োজন চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বরপক্ষ আসার সাহস পায়নি, শেষে কনের বাড়ীতে বিবাহের আয়োজনে খাবার জব্দ করে এতিমখানায় হস্তান্তর করা হয় এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে কনের পরিবারকে বুঝিয়ে আসা হয়েছে।