বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:১১, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১৭:৪১, ১৬ জুন ২০২৬

ভিশন’ পণ্যের রপ্তানি শুরু আরও ৩ দেশে

ভিশন’ পণ্যের রপ্তানি শুরু আরও ৩ দেশে

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড আরও তিনটি দেশে ‘ভিশন’ ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি) ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স রপ্তানি শুরু করেছে। নতুন যুক্ত হওয়া দেশগুলো হলো নেপাল, আমেরিকান সামোয়া ও সেনেগাল।

সম্প্রতি এসব দেশে ভিশন ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের চালান পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমানে এশিয়া, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৫টিরও বেশি আন্তর্জাতিক বাজারে ভিশন পণ্য নিয়মিত রপ্তানি হচ্ছে। বিশেষ করে রেফ্রিজারেটর, এসি, ওয়াটার পিউরিফায়ার ও মাইক্রোওয়েভ ওভেনের চাহিদা এসব বাজারে ক্রমাগত বাড়ছে।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া এবং রপ্তানি বাজার সম্প্রসারণ আমাদের লক্ষ্য। নতুন তিনটি বাজারে ভিশন পণ্যের প্রবেশ আমাদের বৈশ্বিক সম্প্রসারণ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।

আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. নুর আলম জানান, ভিশন ব্র্যান্ডের ফ্রিজ ও এসি আধুনিক প্রযুক্তিনির্ভর, বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। উন্নত ইনভার্টার প্রযুক্তি ও কঠিন আবহাওয়ায় কার্যকর পারফরম্যান্সের কারণে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ছে।

তিনি আরও বলেন, গুণগত মান বজায় রেখে উৎপাদন প্রক্রিয়া ও প্রযুক্তির ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে ভিশনকে বৈশ্বিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বিশ্ববাজারে ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়াতে নতুন নতুন বাজার সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ।