ফিফা উদ্বোধনীতে বাংলাদেশের তিন প্রতীক তুলে ধরলেন সঞ্জয় দেব
ফিফা বিশ্বকাপের মহোৎসবে আলো ছড়াল বাংলাদেশও। কানাডার টরন্টোতে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। তার পরিবেশনার মাধ্যমে ভিন্নভাবে বিশ্বের সামনে তুলে ধরা হয় বাংলাদেশের জাতীয় তিনটি প্রতীক—রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং জাতীয় পতাকা।
শুক্রবার টরন্টোর স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া ম্যাচের আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহির নতুন গানের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন সঞ্জয় দেব ও ফরাসি পপ তারকা ভেজিড্রিম। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সঞ্জয়ের পারফরম্যান্সের ভিডিও, যা ব্যাপক সাড়া ফেলেছে।
পারফরম্যান্স চলাকালে সঞ্জয়ের পোশাকের ডান হাতায় বিশেষভাবে তুলে ধরা হয় বাংলাদেশের জাতীয় প্রতীকগুলো। বারবার তিনি নিজের হাতার দিকে ইঙ্গিত করে দর্শকদের সামনে বাংলাদেশের পরিচয় বহনকারী নকশাগুলো প্রদর্শন করেন।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়া এ আয়োজনে সঞ্জয় ও নোরা ফাতেহির পাশাপাশি মঞ্চ মাতান কানাডার খ্যাতনামা শিল্পীরা। তাদের মধ্যে ছিলেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারা।
এছাড়া জেসি রেয়েজ ও ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা সংগীত পরিবেশন করেন। পুরো আয়োজনজুড়ে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক সংগীতশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে বর্ণিল ও আকর্ষণীয়।