এক দিনে ডেঙ্গুতে মৃত্যু এক , হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ৩১ জন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, ঢাকা বিভাগে ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯০ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছরের ১৬ জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪১২ জন। এর মধ্যে ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী। একই সময়ে মোট ৪ হাজার ১৩৭ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট সাতজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গুতে রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে। তাই মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।