বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ১৩:৫১, ১৩ জুন ২০২৬

লালদিঘীর ময়দানে ১১ দলের মহাসমাবেশ, সব প্রস্তুতি সম্পন্ন

লালদিঘীর ময়দানে ১১ দলের মহাসমাবেশ, সব প্রস্তুতি সম্পন্ন

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (১৩ জুন) বিকেলে নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এছাড়াও বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষ সমাবেশে অংশ নেবেন। এ আয়োজনকে সফল করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে ব্যাপক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সমাবেশকে ঘিরে লালদিঘী ময়দানের এক পাশে নির্মাণ করা হয়েছে বড় আকারের মঞ্চ। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। সর্বশেষ শুক্রবার ১১ দলের নেতারা সমাবেশস্থল পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন বলেন, বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ চলছে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশ আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। জনগণের বিভিন্ন দাবি ও অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এ সমাবেশের আয়োজন।

জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, এই বিভাগীয় সমাবেশ কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠার দাবিকে সামনে তুলে ধরার একটি গণমঞ্চ হিসেবে কাজ করবে। তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।