বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:১৩, ৮ জুন ২০২৬ | আপডেট: ১৬:২৪, ৮ জুন ২০২৬

বিটিভিকে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন

বিটিভিকে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অল মিডিয়া সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফার কাছ থেকে ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন চেয়ে কমিটির কাছে প্রস্তাব উপস্থাপন করে। প্রস্তাবটি কারিগরি ও আর্থিক দিকসহ বিস্তারিত পর্যালোচনার পর অনুমোদনের সুপারিশ করা হয়।

প্রস্তাব অনুযায়ী, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচারস্বত্ব ক্রয়ের জন্য মোট চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭১ লাখ টাকা। এর আওতায় বিটিভি টুর্নামেন্টটির অল মিডিয়া রাইটস অর্জন করবে, ফলে রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যম বিভিন্ন প্ল্যাটফর্মে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সম্প্রচার ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার করতে পারবে।

কর্মকর্তারা জানান, ফিফার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সরকারি সম্প্রচার ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া আসর জনগণের কাছে পৌঁছে দেওয়ার নীতিগত অবস্থানের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রক্রিয়াটি চূড়ান্ত হলে দেশের দর্শকরা বিটিভির মাধ্যমে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সরাসরি সম্প্রচার ও অন্যান্য আয়োজন উপভোগ করতে পারবেন।