বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

শেয়ার বিজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩:১০, ১৩ জুন ২০২৬

নেইমারহীন ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু, কবে ফিরবেন মাঠে?

নেইমারহীন ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু, কবে ফিরবেন মাঠে?

বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেল ব্রাজিল। কাফের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলের অন্যতম তারকা নেইমার জুনিয়র উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না। শুধু তাই নয়, পুরো গ্রুপ পর্ব থেকেই তিনি ছিটকে যেতে পারেন বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার নিউ জার্সিতে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন আনচেলত্তি।

তিনি বলেন, “নেইমার দ্রুত ফিট হয়ে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে সে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারবে।”

কোচের এই বক্তব্যে স্পষ্ট, এখনো পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি ব্রাজিলের অভিজ্ঞ এই ফরোয়ার্ড। ফলে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের পাশাপাশি গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

গ্রুপ ‘এফ’-এ ব্রাজিলের পরবর্তী দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ১৯ জুন হাইতির বিপক্ষে এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। ৩৪ বছর বয়সী নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হলেও চোটের কারণে এখন পর্যন্ত কোনো অনুশীলন ম্যাচ কিংবা দলের সঙ্গে পূর্ণাঙ্গ সেশনে অংশ নিতে পারেননি তিনি। পানামা ও মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও মিস করেছেন ব্রাজিলের নাম্বার টেন।

তবে তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কথা বিবেচনা করেই স্কোয়াডে রাখা হয়েছে বলে জানান আনচেলত্তি। তিনি বলেন, “সে আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার উৎস এবং একটি ইতিবাচক উদাহরণ।”

নেইমারের দ্রুত সুস্থতা কামনা করেছেন ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রও। তিনি বলেন, “নেইমার আমাকে অনুপ্রাণিত করে। আমি চাই সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক।”

অন্যদিকে নেইমারের অনুপস্থিতিকে বড় কোনো সুবিধা হিসেবে দেখছে না মরক্কো। দলের প্রধান কোচ মোহাম্মদ উয়াহবি জানিয়েছেন, ব্রাজিলের তারকা ফরোয়ার্ড খেলুক কিংবা না খেলুক—দুই পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিয়েছে তার দল।

তিনি বলেন, “নেইমার থাকুক বা না থাকুক, আমাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন নেই।”

তবে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নেইমারের না খেলায় আক্ষেপ প্রকাশ করেছেন। পিএসজি তারকা বলেন, “আমি সব সময় সেরাদের বিপক্ষে খেলতে চাই, আর নেইমার তাদেরই একজন।”

এদিকে নেইমারকে ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল। এখন দেখার বিষয়, গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই দলের সবচেয়ে অভিজ্ঞ তারকাকে মাঠে ফেরাতে পারে কি না সেলেসাওরা।