সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহরণের তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েছেন পাঁচ জেলে। বনদস্যুদের মারধরে গুরুতর আহত হওয়া জেলে শরিফুল ইসলাম (৩০) বুধবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।
মুক্তি পাওয়া জেলেরা হলেন বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের হানিফ, জাকির, শাহিন ও আকুব্বর এবং রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের শরিফুল ইসলাম।
জেলেদের মহাজন মোস্তাফিজুর রহমান জানান, গত ১৩ জুন রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার লইট্রাখালী খালে মাছ ধরার সময় বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা হামলা চালিয়ে পাঁচটি ট্রলার থেকে পাঁচ জেলেকে অপহরণ করে। পরে তাদের সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারধর করা হয়।
অভিযোগ অনুযায়ী, অপহৃতদের মুক্তির জন্য জনপ্রতি ৪০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়। এরপর মঙ্গলবার গভীর রাতে বনদস্যুরা তাদের ছেড়ে দেয়।
মুক্তি পাওয়ার পর গুরুতর আহত শরিফুল ইসলামকে রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বুধবার সকালে তারা জেলেদের অপহরণ ও মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার বিষয়টি জানতে পেরেছেন।
রামপাল থানার ওসি রাজীব আল রশিদ বলেন, বনদস্যুদের মারধরে একজন জেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে অপহরণ ও মারধরের ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
বিডি-প্রতিদিন/এমএল