দিনাজপুরের নবাবগঞ্জের একটি আমবাগান থেকে রুপালি রাণী নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুপালি রাণী সরকার (৩৫) নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের অরুণ সরকার আমাতুর স্ত্রী।
স্থানীয়রা ও পুলিশ জানায়, নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউপির পাঁচগাছি গ্রামের জনৈক হাজির আমবাগানে সকাল ৬টার দিকে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই গৃহবধূ রুপালি রাণী (৩৫) ওই গ্রামের অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয়রা নিশ্চিত করেন।
খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস এবং নবাবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন এবং ঘটনার তদন্ত শুরু করেন।
ওসি আব্দুল কুদ্দুস জানান, নবাবগঞ্জের দাউদপুর ইউপির পাঁচগছি এলাকার আমবাগান থেকে রুপালি রাণী নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিডি-প্রতিদিন/এমএল