দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার অনুমোদিত ধারণক্ষমতার তুলনায় প্রায় ১.৭ গুণ বন্দি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য হাসনাত আবদুল্লাহর উত্থাপিত এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারে মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন (পুরুষ ৪৩ হাজার ১০৭ ও নারী ২ হাজার ২৯ জন)। এর বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬ ও নারী ২ হাজার ৭৭ জন) বন্দি আটক রয়েছে। যা মোট ধারণক্ষমতার ১.৭ গুণ।
ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি থাকায় কিছু কিছু কারাগারে আবাসন সমস্যা বিরাজ করছে বলে স্বীকার করেন তিনি।
বন্দিদের আবাসন সংকট কাটাতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ইতোমধ্যে কেরাণীগঞ্জে বিশেষ কেন্দ্রীয় কারাগার, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। এছাড়া, কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।
তিনি বলেন, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে। এই চাটি কারাগারের কাজ শেষ হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পাবে এবং মোট ধারণক্ষমতা ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।
এছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
এসব প্রকল্প বাস্তবায়িত হলে কারাগারগুলোতে বন্দি ধারণক্ষমতা আরও উল্লেখযোগ্য হারে বাড়বে এবং আবাসন সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/কেএ