‘তিরিশের কোঠা পেরোলে আয়নার সামনে দাঁড়িয়ে কপালে চিন্তার ভাঁজ’ ছেলেদের খুব সাধারণ গল্প। পরিসংখ্যান বলছে, প্রায় ৪০ শতাংশ পুরুষের বয়স ৩৫ ছুঁইছুঁই হতেই মাথা থেকে চুল বিদায় নিতে শুরু করে। বংশগত বা জেনেটিক কারণে হওয়া এই চুল পড়া রোধ করার উপায় যেমন সীমিত, তেমনি ব্যয়বহুল। আধুনিক গ্রুমিং দুনিয়ায় ‘বল্ড হেড’ বা টাক মাথা এখন আর কোনো লুকানোর বিষয় নয়, বরং এটি রাজকীয় এক স্টাইল স্টেটমেন্ট! নিজের ইচ্ছায় হোক কিংবা হলিউড-বলিউডের প্রিয় কোনো তারকার চিরচেনা লুক দেখেই হোক- তরুণরা এখন শখ করেই মাথা কামিয়ে নিচ্ছেন। তবে চুল না থাকার মানে কিন্তু এই নয় যে, মাথার ত্বকের যত্ন নেওয়া বন্ধ করে দিতে হবে। চুলবিহীন মাথার রাজকীয় লুক ধরে রাখতে এবং স্ক্যাল্প সুস্থ রাখতে প্রয়োজন বিশেষ কিছু গ্রুমিং হ্যাকস। টাক মাথার আভিজাত্য ও সঠিক যত্ন নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন...
অনেকে ভাবেন মাথায় যখন চুল নেই, তখন সাবান বা বডি ওয়াশেই কেল্লাফতে! এখানেই ঘটে সবচেয়ে বড় ভুল। সাবানকে বলুন ‘না’: সাধারণ সাবান বা বডি ওয়াশ মাথার ত্বককে অতিরিক্ত শুষ্ক ও রুক্ষ করে তোলে।

♦ কেন শ্যাম্পু জরুরি : চোখে না দেখা গেলেও মাথায় যে ছোট ছোট চুল থাকে, তার উপযুক্ত যত্ন প্রয়োজন। স্ক্যাল্পের তেল, ধুলা-ময়লা দূর করতে ছেলেদের জন্য তৈরি শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা উচিত।
মাথার চুল মূলত প্রাকৃতিক ছাতা হিসেবে কাজ করে। চুল যখন থাকে না, তখন সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকে আঘাত করে। এতে মাথা গরম হওয়া, অস্বস্তি বা স্ক্যাল্প পুড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে।
♦ প্রতিরোধ : বাইরে বের হলে হেডক্যাপ বা টুপি ব্যবহার করুন। ঐতিহ্যবাহী পোশাক যেমন পাঞ্জাবি পরলে মাথায় মানানসই স্কার্ফ বা গামছা পাগড়ির মতো বেঁধে নিতে পারেন।
♦ সানস্ক্রিন মাস্ট : মুখমণ্ডলের মতো বল্ড হেডের স্ক্যাল্পেও নিয়মিত সানস্ক্রিন লাগাতে হবে। এটি ত্বককে রোদে পোড়া থেকে বাঁচাবে পাশাপাশি প্রয়োজনীয় আর্দ্রতা দেবে।
আর্দ্রতা ও ঘরোয়া ‘হেড ম্যাসাজ’
টাক মাথা চকচকে ও সুস্থ রাখার মূল চাবিকাঠি হলো হাইড্রেশন। প্রচুর পানি পানের পাশাপাশি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে নিয়মিত হেড ম্যাসাজ করুন।
♦ ম্যাসাজের সঠিক নিয়ম : নিজের হাতের সব কটি আঙুলে সামান্য চাপ দিয়ে কপাল থেকে শুরু করে মাথার তালু হয়ে একদম ঘাড় পর্যন্ত বৃত্তাকারে বোলাতে থাকুন।
মাথার ত্বককে মসৃণ রাখতে এবং মৃতকোষ দূর করতে নিয়মিত শেভ করা জরুরি। মাসে অন্তত একবার নিজে ঘরে শেভ না করে কোনো প্রফেশনাল সেলুনে যান। সেলুনের রেজার, সঠিক ডিরেকশন এবং তাদের হাতের নিখুঁত ফিনিশিং আপনার মাথার ত্বককে দীর্ঘ সময় মসৃণ রাখবে। একবার সেলুন থেকে প্রফেশনাল শেভ করিয়ে নিলে পরবর্তী সময়ে ঘরে বসে হালকা ট্রিম বা শেভ করা অনেক সহজ হয়ে যায়।
-লাইফ স্টাইল ডেস্ক