সিলেটের বিশ্বনাথে এক বিএনপি নেতার তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) রাতে উপজেলার দশঘর ইউনিয়ন কাশিমপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া গরুর সন্ধান দিতে পারলে তিনি অর্ধলাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১টার দিকে বসতঘরের উল্টো পাশের গোয়ালঘরে গরুগুলো দেখেই ঘুমাতে যান তিনি। আজ রবিবার ফজরের নামাজ শেষে গাভির দুধ দোহাতে গিয়েই ঘটে বিপত্তি। গোয়ালের দরজার তালায় হাত দিতেই সেটি নিচে পড়ে যায়। ভেতরে ঢুকে তিনি দেখেন, সেখানে থাকা ৫টি গবাদি পশুর মধ্যে দুটি গাভী ও একটি বাছুর নেই।
তার ধারণা, রাত ১টার পর কোনো এক সময় হানা দিয়ে দুইটি রেখে তিনটি গরু নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় চুরি যাওয়া গরুর সন্ধানে সামাজিকমাধ্যমে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।
নুরু উদ্দিন আহমদ বলেন, ‘আমি বহুদিন ধরে গবাদি পশু লালন-পালন করি। কিন্তু এর আগে কখনও আমার গরু চুরি যায়নি। ঘুমাতে যাওয়ার আগেও আমি গরুগুলো দেখে গেছি। কিন্তু ফজরের নাম পড়ে দুধ দোহন করতে গিয়ে দেখি তিনটি নেই। ঘরের দরজার তালা কাটা।’
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে এখনও আমরা অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’
বিডি-প্রতিদিন/এমই