গাইবান্ধায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা সমর্থকরা। সহস্রাধিক সমর্থক আর্জেন্টিনার জার্সি ও পতাকা গায়ে জড়িয়ে সড়কে নিজ দলের পক্ষে স্লোগান দেন। শোভাযাত্রা দেখতে রাস্তার দুই পাশে সাধারণ মানুষ ভিড় করে। গতকাল বিকালে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
এর আগে সমাজমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে সমর্থকদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে সমর্থকর অংশ নেন। তাদের সবার পরনে ছিল আর্জেন্টিনার জার্সি ও হাতে দলের পতাকা। আয়োজকদের একজন ইমাম হাসান আলাল। তিনি বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য। আশা করি, এবারও আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হবে। সমর্থক জাহাঙ্গীর আলম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আর্জেন্টিনার শৈল্পিক ফুটবল আমাদের আকৃষ্ট করে। চার বছর পর এ আনন্দের মুহূর্ত আমাদের মাঝে ফিরে আসে। বিগত বিশ্বকাপেও আমরা এমন র্যালি আয়োজন করেছিলাম, এবারও করছি। পুরো জেলার মানুষ এ শোডাউন উপভোগ করেছে।