ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের হত্যাযজ্ঞে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৭ ফিলিস্তিনি নিহত এবং ছয়জন আহত হয়েছেন। গত বছর অক্টোবরে গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল হামলা চালিয়েই যাচ্ছে।
যুদ্ধবিরতি-পরবর্তী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৯৯২ জনের বেশি মানুষ নিহত এবং ৩ হাজার ১৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়। সোমবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্কুলের কাছে ইসরায়েলের বোমা হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এদিন সকালে আল জুবায়েদা এলাকার পশ্চিমে একটি মসজিদের প্রবেশদ্বারে ইসরায়েলের বিমান হামলায় এক নারী নিহত হওয়ারও খবর পাওয়া গেছে। আরেকটি ঘটনায় দেইর আল বালাহ এলাকায় ইসরায়েলি সেনারা এক বাবা ও তার সন্তানকে গুলি করেছে এবং নির্বিচারে আটক করেছে। তাদের ছেড়ে দেওয়ার পর সন্তানটিকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। সব মিলিয়ে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আরও আনুমানিক ৮ হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এবং ৩ হাজার নিখোঁজ হয়েছে। গাজায় গত বছর অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলের সেনারা বহু ফিলিস্তিনিকে অপহরণ করেছে।-রয়টার্স
গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে, এই সময়ের মধ্যে অন্তত ৯৫ জন আটক হয়েছে। -রয়টার্স