জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমানের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর নাম মোহাম্মদ আখলাছুর রহমান। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জুনিয়র অফিসার (গ্রাউন্ড সার্ভিস, আইএনএস গেট) হিসেবে কর্মরত রয়েছেন। গতকাল ভোরে জামালপুরের বকশীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির এসএসপি মোহাম্মদ বদরুল আলম মোল্লা। তিনি বলেন, ইতালিতে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে একটি মানব পাচারকারী চক্র কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে ৩০ লাখ টাকার চুক্তিতে ২০ লাখ টাকা করে গ্রহণ করে।
পরে তাদের নেপাল ও ইতালিগামী টিকিট, বোর্ডিং পাস এবং ইতালির শেনজেন ভিসা সরবরাহ করা হয়। ২৬ মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতালির উদ্দেশে রওনা হওয়ার পর রোমের ফিউমিচিনো লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসাগুলো পরীক্ষা করে জাল বলে শনাক্ত করে। এরপর ভুক্তভোগীদের আটক রেখে দুই দিন পর ২৮ মে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বাংলাদেশে ফিরে ইমিগ্রেশন পুলিশ, সিআইডি ও সংশ্লিষ্ট সংস্থার জিজ্ঞাসাবাদে তারা ঘটনার বিস্তারিত তথ্য দেন।
তদন্তে উঠে আসে, মানব পাচারকারী চক্রটি বৈধ কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস দিয়ে জাল ভিসা সরবরাহের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়। পরে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে বিমান কর্মকর্তা আখলাছুর রহমানের সম্পৃক্ততা পাওয়া যায়।