বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করলেও পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। দলের ফরোয়ার্ড টিম ওইয়াহ জানিয়েছেন, প্রতিপক্ষকে সমান গুরুত্ব দিয়েই প্রস্তুতি নিচ্ছে তারা।
গ্রুপ ‘ডি’-তে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অন্যদিকে অস্ট্রেলিয়াও তুরস্ককে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে।
আগামী শুক্রবার সিয়াটলে মুখোমুখি হবে দুই দল। তবে বিশ্লেষকদের অনেকেই ম্যাচটিকে যুক্তরাষ্ট্রের জন্য সহজ মনে করলেও সেই ধারণা মানতে নারাজ দলটি।
ওয়েয়া বলেন, ‘অস্ট্রেলিয়া তরুণ ও লড়াকু একটি দল। তাদের মধ্যে জয়ের ক্ষুধা আছে। আমরা অন্য সব দলের মতোই তাদের সম্মান করছি।’
তিনি আরও জানান, ‘গণমাধ্যমের আলোচনায় কান না দিয়ে নিজেদের প্রস্তুতির দিকেই মনোযোগ রাখছে দল। আমরা পুরো চিত্রটা দেখছি এবং দল হিসেবে নিখুঁত প্রস্তুতি নিচ্ছি।’
এদিকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া ক্রিস্টিয়ান পুলিসিকের ফিটনেস নিয়েও আশাবাদী যুক্তরাষ্ট্র শিবির। ওয়েয়ার মতে, পুলিসিক দ্রুতই মাঠে ফেরার মতো অবস্থায় পৌঁছাবেন।
বিডি প্রতিদিন/এম.এস