অবশেষে ব্রাজিল শিবিরে স্বস্তির সুবাতাস। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুশীলনে ফিরেছেন সেলেসাওদের তারকা ফরোয়ার্ড নেইমার। বিশ্বকাপে হাইতির বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। তবে অনুশীলনে ফিরলেও এই মহাতারকা কবে নাগাদ প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে পারবেন, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানা যায়নি।
ব্রাজিল দল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর গত মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, কোচ কার্লো আনচেলত্তির কোচিং স্টাফের এক সদস্যের অধীনে রানিং এবং ফিটনেস পুনরুদ্ধারের কাজ করছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসলের চোটে পড়েছিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। সেই চোটের কারণে গত এক মাস ধরে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে কোনো অনুশীলনই করতে পারেননি তিনি।
নেইমার অনুশীলনে ফেরায় দলে স্বস্তি ফিরলেও এখনই তাকে মূল একাদশে পাওয়ার তাড়াহুড়ো নেই ব্রাজিলের। মূলত টুর্নামেন্টের নকআউট পর্ব থেকেই এই অভিজ্ঞ ফরোয়ার্ডের পূর্ণ সেবা পাওয়ার ব্যাপারে আশাবাদী পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৫ জুন ভোর চারটায় তারা লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে।
এর আগে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর প্রাক্কালে ব্রাজিল কোচ আনচেলত্তি আশাবাদ ব্যক্ত করেছিলেন, দ্রুতই দলের সাথে যোগ দেবেন নেইমার। সান্তোস তারকার মাঠের অনুশীলনে ফেরা কোচের সেই কথারই প্রতিফলন।
সবশেষ ২০২৩ সালে দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন নেইমার। সেবার উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাঁ হাঁটুর এসিএল এবং মেনিসকাসের মারাত্মক চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সেই দীর্ঘ চোট ও পুনর্বাসন প্রক্রিয়া কাটিয়ে চলতি বিশ্বকাপ দিয়েই আবারও জাতীয় দলের হয়ে মাঠে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয়।
বিডি প্রতিদিন/এনএইচ