ঈদের তৃতীয় দিনেও খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
সোমবার জেলার আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্ক, রিছাং ঝর্ণা, তারেং, মায়াবিনী লেক, মানিকছড়ির ডিসি পার্ক এবং খাগড়াছড়ি হয়ে সাজেকসহ বিভিন্ন স্থানে পর্যটকদের ব্যাপক সমাগম দেখা গেছে।
ঈদের টানা ছুটিতে পরিবার-পরিজন নিয়ে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা।
জেলা পরিষদ পার্কে শিশুদের আনন্দও ছিল চোখে পড়ার মতো। তারা বিভিন্ন রাইড ও খেলনায় চড়ে আনন্দে মেতে ওঠে।
এদিকে, পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো এখন এক উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল