নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক পানাম সেতুর সংস্কারকাজ পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
বুধবার সকালে কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রাচীন সেতুটির সংস্কারকাজ পরিদর্শন করে। এর আগে কমিটি ঐতিহাসিক সেতুটির সংস্কার ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করে। বুধবার দ্বিতীয় দফায় কমিটির পক্ষ থেকে সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শন করা হয়।
সংস্কারকাজ পরিদর্শনকালে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস বলেন, সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নানা ধরনের প্রত্নসম্পদ। এসব প্রত্নসম্পদের সংরক্ষণ ও সংস্কার অত্যন্ত জরুরি। পাশাপাশি এগুলোর ওপর গবেষণা এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণেরও ব্যবস্থা করা দরকার। আমাদের কমিটিসহ যারা দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের প্রত্নসম্পদ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে সরকারকে ধন্যবাদ জানাই, কারণ দেরিতে হলেও ঐতিহাসিক সেতুটির সংস্কারকাজ শুরু হয়েছে।
পানাম সেতু পরিদর্শন দলে উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক রহমান মুজিব ও মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উপদেষ্টা মতিউর রহমান, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুল রহমান, এরশাদ হুসাইন, উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান এবং সংগঠক রোকেয়া আক্তারসহ অন্যান্যরা।
বিডি-প্রতিদিন/এমএল