বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে গবেষণার ক্ষেত্র ও পদ্ধতিতেও প্রতিনিয়ত পরিবর্তন আসছে। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতে হবে বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘রিসার্চ মেথডোলজি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কর্মশালায় উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা, জ্ঞান চর্চা করা এবং সেই জ্ঞানকে সমাজের কল্যাণে প্রয়োগ করা। গবেষণায় শুধু আগ্রহ থাকলেই হবে না, একজন দক্ষ গবেষক হতে হলে গবেষণার সঠিক পদ্ধতি, গবেষণা নৈতিকতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণের দক্ষতাও অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, গবেষণার মানোন্নয়ন, গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং একটি গবেষণাবান্ধব পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবন, সৃজনশীলতা ও উৎকর্ষতাকে গুরুত্ব দিয়ে গবেষণার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মহসিন উদ্দিন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স অ্যান্ড সোশিওলজি বিভাগের অধ্যাপক ড. বদিউজ্জামান।
প্রশিক্ষণে গবেষণা পদ্ধতি, গবেষণা প্রস্তাবনা প্রণয়ন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণাপত্র লেখার কৌশল এবং প্রকাশনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক মোহসিনা হোসাইনের সভাপতিত্বে এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ১০০ জন থিসিস শিক্ষার্থী অংশ নেন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই