হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. এনাম উল্যা।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন। ২০২৫-২০২৬ অর্থবছরের ইন্ডিপেন্ডেন্ট ও কোলাবোরেশন প্রকল্পের প্রকল্প পরিচালকদের (শিক্ষক) জন্য ‘ফিন্যান্সিয়াল রুলস অ্যান্ড রেগুলেশন অব পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০২৫’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ড. মো. এনাম উল্যা বলেন, এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা এবং সঠিক ক্রয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে পিপিএ-২০০৬ ও পিপিআর-২০২৫ বিষয়ে জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। আর্থিক ব্যবস্থাপনা ও সরকারি ক্রয়সংক্রান্ত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী প্রকল্প পরিচালকগণ বিশেষ করে যারা নতুন তারা গবেষণা প্রকল্পের অর্থ ব্যবহারের ক্ষেত্রে আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক নীতিমালা সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং রিসোর্সপারসন ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং আইআরটি’র পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন এবং উপস্থাপনা করেন আইআরটির উপ-পরিচালক মো. শাহজাহান মন্ডল।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের ইন্ডিপেন্ডেন্ট ও কোলাবোরেশন প্রকল্পের ১৪০ প্রকল্প পরিচালক অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/এমই