জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেছা হলে কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের ঘটনায় দুই নারী শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং একজনের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে।
গত ১৫ জুন রাতে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান।
বহিষ্কৃতরা হলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী তনুজা তিথি ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা আমির ইনিসী।
এর আগে, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষে হল প্রশাসনের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কক্ষটি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী তনুজা তিথির নামে বরাদ্দ ছিল। অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী সানজিদা আমীর ইনিসী।
ছাত্র শৃঙ্খলা বিধি লঙ্ঘন করায় এবং ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশের ভিত্তিতে তনুজা তিথি ও সানজিদা আমীর ইনিসীকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে সিন্ডিকেট। এছাড়া, তনুজা তিথির বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা দায়েরেরও সুপারিশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ