বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভুয়া ওয়েবসাইট খুলে ট্রাফিক জরিমানার নামে প্রতারণার দায়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন- রাব্বি শেখ, রিয়াদ হোসেন ও সাজ্জাদ হোসেন।
গতকাল দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির ডিআইজি সানা শামিনুর রহমান।
তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা কার্যক্রম শুরু হওয়ার পর একটি চক্র এটিকে কাজে লাগিয়ে প্রতারণা শুরু করে। চক্রটি বিআরটিএর ওয়েবসাইটের অনুরূপ একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে টার্গেট করছিল। চক্রটি বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানাত ট্রাফিক সিগন্যাল অমান্য করায় মামলা হয়েছে। এসএমএসে থাকা লিংকে প্রবেশ করলে ভুক্তভোগীদের বিআরটিএর ওয়েবসাইটের আদলে তৈরি করা ভুয়া ওয়েবসাইটে নেওয়া হতো। সেখানে জরিমানা পরিশোধের কথা বলে ব্যাংক কার্ডের তথ্য, অ্যাকাউন্টের তথ্য ও ওটিপি সংগ্রহ করত প্রতারকরা। এমনকি দ্রুত জরিমানা পরিশোধ করলে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে এমন প্রলোভনও দেখানো হতো। কয়েকটি অভিযোগ পাওয়ার পর সিআইডির সাইবার পুলিশ সেন্টার তদন্ত শুরু করে।
তিনি আরও বলেন, তদন্তে উঠে আসে, চক্রটি ভুয়া ট্রাফিক মামলা ও জরিমানার ভয় দেখিয়ে ফিশিং লিংকের মাধ্যমে ব্যাংক কার্ড, অ্যাকাউন্ট ও ওটিপির তথ্য সংগ্রহ করে অর্থ আত্মসাৎ করছিল। গ্রেপ্তার তিন আসামি এ পর্যন্ত বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৭ লাখ ২৫ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছেন।