নারী কর্মীদের সৃজনশীল, পেশাগত ও ব্যক্তিগত উন্নয়নে নতুন উদ্যোগ হিসেবে ‘হার এশিয়াটিক সার্কেল’ নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি।
সোমবার রাজধানীর বনানীর বাতিঘর আর্ট স্পেসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। প্রাণবন্ত আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং মতবিনিময়ের মধ্য দিয়ে প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ কার্যক্রমের সূচনা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্ক গড়ে তুলতে বিভিন্ন সেশনেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রদর্শিত একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনায় ‘হার এশিয়াটিক সার্কেল’-এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের নারী কর্মীরা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ ঘটান।
উদ্যোক্তারা জানান, নারী কর্মীদের দক্ষতা উন্নয়ন, জ্ঞান বিনিময়, ক্যারিয়ার অগ্রগতি এবং কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষায় সহায়ক একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ‘হার এশিয়াটিক সার্কেল’। এছাড়া আইনি অধিকার, আর্থিক সচেতনতা, মানসিক স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে সমতা নিয়ে বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
এ বিষয়ে এশিয়াটিক থ্রিসিক্সটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শ্রিয়া সর্বজয়া বলেন, এটি শুধু একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম নয়। আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও গল্প তুলে ধরবেন এবং একে অপরের পাশে থেকে এগিয়ে যাবেন।
বিডি-প্রতিদিন/এআইএস