মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের শরিয়াহভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ ইসলামিক’-এর বিশেষ ক্যাম্পেইনে উমরাহ প্যাকেজ বিজয়ী পাঁচজন গ্রাহক পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন।
মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে তারা জেদ্দায় পৌঁছান। এর আগে একই দিন ভোর ৩টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা দেন তারা। বিজয়ীদের উমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে নগদ ইসলামিক।
রমজানজুড়ে পরিচালিত এই ক্যাম্পেইনে নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহারকারীরা ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন ছাড়া অন্যান্য মাধ্যমে ন্যূনতম ৩ হাজার টাকা লেনদেন করে উমরাহ প্যাকেজ জয়ের সুযোগ পান। দেশজুড়ে লাখো গ্রাহকের মধ্য থেকে নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে পাঁচজন বিজয়ী নির্বাচিত হন।
বিজয়ীরা হলেন—ঢাকার অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন, কাফরুল এলাকার রাজমিস্ত্রি মো. শাহজাহান, লালমনিরহাটের কৃষক মো. মানিক, খুলনার চা বিক্রেতা আলী আকবর শেখ এবং চাঁপাইনবাবগঞ্জের ঠিকাদার মো. রেদোয়ান হোসেন।
উমরাহ পালনের উদ্দেশে রওনা হওয়ার আগে জুবায়ের হোসেন বলেন, অটোরিকশা চালিয়ে সংসার চালানোর মধ্যেই জীবন কেটে যায়। উমরাহ পালনের স্বপ্ন দেখা তার জন্য প্রায় অসম্ভব ছিল। নগদের উদ্যোগের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরেক বিজয়ী কৃষক মো. মানিক বলেন, পরিবারের আর্থিক সামর্থ্যের কারণে কখনো উমরাহ পালনের কথা ভাবেননি। নগদের এই উদ্যোগ তার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে।
সোমবার রাজধানীতে নগদের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোতাসিম বিল্লাহ বলেন, নিম্ন আয়ের মানুষের জন্য উমরাহ পালনের সুযোগ সৃষ্টি করতে পেরে প্রতিষ্ঠানটি আনন্দিত। গ্রাহকদের জীবনের গুরুত্বপূর্ণ স্বপ্ন পূরণে অংশীদার হতে পারা তাদের জন্য গর্বের বিষয়।
তিনি আরও বলেন, ‘নগদ ইসলামিক’ শুধু লেনদেনের একটি মাধ্যম নয়, বরং গ্রাহকদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল একটি প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এ ধরনের আধ্যাত্মিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এআইএস