ডাচ্–বাংলা ব্যাংক পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় শুরুতে চেয়ারম্যান শেয়ারহোল্ডারদের শুভেচ্ছা জানান এবং ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা ওই বছরের আর্থিক বিবরণী অনুমোদন করেন এবং মোট ৩০ শতাংশ লভ্যাংশ (২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড) অনুমোদন দেন।
ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট সম্পদ দাঁড়িয়েছে ৮১৭,৭৯৭.৬ মিলিয়ন টাকা, যা ২০২৪ সালে ছিল ৬৭৯,৮৭৫.৫ মিলিয়ন টাকা। প্রবৃদ্ধি হয়েছে ২০.৩ শতাংশ। একই সময়ে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫০,৫০৩.৮ মিলিয়ন টাকা (২০২৪ সালে ৪২৮,৬৮৯.৪ মিলিয়ন টাকা), প্রবৃদ্ধি ৫.১ শতাংশ।
এছাড়া আমানতের পরিমাণ বেড়ে ৬২২,০৫৭.৮ মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরে ছিল ৫২১,৮৭২.৫ মিলিয়ন টাকা—প্রবৃদ্ধি ১৯.২ শতাংশ।
২০২৫ সালে ব্যাংকের কর-পূর্ব নিট মুনাফা হয়েছে ১৫,৯১১.৬ মিলিয়ন টাকা এবং কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৯,৬৪৭.৭ মিলিয়ন টাকা। এ বছরে শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৯.৯৮ টাকা।
সভায় জানানো হয়, ব্যাংকের মূলধন পর্যাপ্ততা অনুপাত (Capital Adequacy Ratio) ১৭.১ শতাংশে উন্নীত হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের ন্যূনতম ১২.৫০ শতাংশ নির্ধারিত মানের চেয়ে বেশি।
সভায় পরিচালক হিসেবে সাদিয়া রাইয়ান আহমেদ এবং মো: ফখরুল ইসলাম-এর পুনঃনিয়োগ অনুমোদন করা হয়। পাশাপাশি স্বতন্ত্র পরিচালক হিসেবে মনজুর আহমেদ এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর নিয়োগও অনুমোদিত হয়।
২০২৬ সালের জন্য বহিঃনিরীক্ষক হিসেবে আজিজ হালিম খায়ের চৌধুরী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক হিসেবে হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর নিয়োগ সভায় অনুমোদন দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এনআরএইচ