ব্রাহ্মণবাড়িয়ায় সালিশে বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। সদর উপজেলার সুলতানপুর উত্তরপাড়ায় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি প্রার্থী ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সদর মডেল থানায় মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তারা হলেন নাসির ও মোরশেদ। স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, জাহাঙ্গীর আলমের ভাতিজির সঙ্গে পাঁচ বছর আগে একই এলাকার সাচ্চু মিয়ার ছেলে আতাউল্লাহর বিয়ে হয়। বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকত। এ নিয়ে সোমবার সালিশ বৈঠক বসে। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তখন আতাউল্লার লোকজন প্রতিপক্ষের ওপর হামলা করে। জাহাঙ্গীরসহ ৫-৬ জন আহত হন।
স্থানীয়রা তাদের ২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। দুই আসামি গ্রেপ্তার হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।