কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্যরেখায় শিশুসহ ৯ জনের তিন দিন ধরে মানবেতর জীবন কাটছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে নারী এবং জামালপুরের দেওয়ানগঞ্জের সীমান্ত দিয়ে এক যুবককে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
কুড়িগ্রাম : রৌমারী সীমান্তে গত তিন দিন ধরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফের পুশইন করা ৬ মাসের শিশুসহ ৯ জন জিরো লাইন বর্ডারে অবস্থান করছে। প্রচণ্ড রোদে মাথার ওপর সামান্য প্লাস্টিক টাঙিয়ে তার নিচে ৬ মাসের শিশুকে নিয়ে অবস্থান করছেন এক দম্পতি। এ দম্পতির আরেক শিশু সন্তান রয়েছে যার বয়স আড়াই থেকে তিন বছর। এ দম্পতির সঙ্গে রয়েছে আরও দুই যুবক।
স্থানীয়রা জানান, ৬ মাসের শিশুকে নিয়ে খোলা আকাশের নিচে অবস্থানের পর মাথার ওপর সামান্য প্লাস্টিক টাঙানো হয়েছে। পুশইনের শিকার ছয়জনকে ১০৬০ আন্তর্জাতিক পিলার সংলগ্ন এমন ফাঁকা জায়গায় রাখা হয়েছে যার একদিকে সামান্য দূরে ভারতের কাঁটাতারের বেড়া। সেই কাঁটাতারের বেড়ার পাশে ঝালুর চর বিএসএফ ক্যাম্প। আর অন্যদিকে, বাংলাদেশের অভ্যন্তরে বেশ দূরত্বে খাল। আশপাশে নেই কোনো ঘর-বাড়ি বা দোকানপাট।
সেখানে নেই প্রয়োজনীয় খাওয়া, গোসল ও স্যানিটেশনের ব্যবস্থা। বিএসএফ মাঝেমধ্যে তাদের খাবার দিচ্ছে। আর দেখতে আসা গ্রামবাসী দু-এক প্যাকেট বিস্কুট দিয়ে আসছেন। এভাবেই খেয়ে না খেয়ে কাটছে তাদের সময়। ৬ মাসের শিশুসহ পুশইনের শিকার ছয়জনকে দেখতে সারা দিনই ভিড় জমাচ্ছেন বাংলাদেশের অভ্যন্তরে থাকা নারী-পুরুষ ও শিশু। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা শূন্যরেখায় অবস্থান করছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ : রোকনপুর সীমান্ত দিয়ে এবার এক নারীকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। এ সময় বিজিবি তাৎক্ষণিক ব্যবস্থা নিলে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন। পরে বিএসএফ তাকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনার পর সীমান্তে বিজিবিকে আরও সতর্ক অবস্থানে রাখা হয়।
জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে ভারতের পশ্চিম বাংলার মালদহ জেলার ৮৮ বিএসএফ আর কে ওয়াদা বিওপির সদস্যরা নৌকাযোগে ২২৫/৩-আর সীমান্ত পিলারের কাছ দিয়ে মধ্য বয়স্ক এক নারীকে পুশইন করে। পরে বিজিবি তাকে ফেরত পাঠিয়ে দেয়।
জামালপুর : দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় একজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। সোমবার দিবাগত রাতে উপজেলার ঝাউডাংগা বিওপির ১০৭৮ পিলারের কাছে এই পুশইনের ঘটনা ঘটে। পরে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে।
বিজিবি ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শুন্যরেখা থেকে ৩৫ বছরের এক যুবককে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে ওই ব্যক্তিকে আবারও শূন্যরেখায় পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তি আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন।