উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন ও প্রোগ্রামভিত্তিক অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি জোরদারে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘রোডম্যাপ টুওয়ার্ডস প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন’ শীর্ষক এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, পরিবর্তিত উচ্চশিক্ষা ব্যবস্থার চাহিদা পূরণে গুণগত শিক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের কাছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আরও গ্রহণযোগ্য ও আকর্ষণীয় করে তুলতে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতি অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগকে আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও একাডেমিক ইউনিটগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন তিনি।
আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
দিনব্যাপী প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪৮ জন শিক্ষক অংশ নেন। এতে প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন, ওবিই কারিকুলাম বাস্তবায়ন, বিএনকিউএফ ফ্রেমওয়ার্ক অনুসরণ এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/এএম