আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে গতকাল সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান তিনি। সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, বাজেটের প্রাপ্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করা হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চলতি জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরও জানান, নির্বাচনি ব্যয় নির্ধারণে নির্বাচন কমিশনকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। নতুন অর্থবছর শুরু হলে স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে তফসিল ঘোষণার প্রস্তুতি নেবে।
আ.লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি এবং যাবেও না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র পুনরায় চালুর চেষ্টা করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে। তিনি বলেন, একটি গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, বিএফইউজে সেক্রেটারি জেনারেল কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, টেলিভিশন এডিটর কাউন্সিলের আহ্বায়ক ড. আবদুল হাই সিদ্দিক এবং প্রতিদিনের বাংলাদেশের এডিটর মারুফ কামাল খান সোহেল, বিএফইউজের সহ-সভাপতি খায়রুল বাশার, এ কে এম মহসিন, বিএফইউজে নেতা ড. সাদিকুল ইসলাম, শাহজাহান সাজু, এরফানুল হক নাহিদ প্রমুখ।