দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের সমুদ্র গবেষণা জাহাজ ‘স্মল রিচার্জ ভেসেল’ তৈরি করছে খুলনা শিপইয়ার্ড। এটি সমুদ্রের গভীরতা নিরূপণ, সমুদ্রতলের মানচিত্রায়ন, বৈজ্ঞানিক জরিপ ও সুনীল অর্থনীতির বিকাশে অবদান রাখবে। সেই সঙ্গে সমুদ্রতলে তেল-গ্যাস অনুসন্ধান, মেরিন স্যাম্পল কালেকশন, হাইড্রোগ্রাফিক সার্ভে, মৎস্য ও পরিবেশ গবেষণায় নিয়োজিত থাকবে। গতকাল বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম খুলনা শিপইয়ার্ডে ‘কিল লেয়িং’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাহাজ নির্মাণকাজের উদ্বোধন করেন।
তিনি বলেন, যেসব দেশ আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি পেয়েছে তারা গবেষণাকে প্রাধান্য দিয়েছেন। অত্যাধুনিক গবেষণার জন্য অবকাঠামো প্রয়োজন। রিসার্চ ভেসেলটি একটি ভাসমান গবেষণাগার। এটি সমুদ্র বিজ্ঞান, খনিজ সম্পদ অনুসন্ধান ও ভবিষ্যৎ টেকসই উন্নয়নের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে। জানা যায়, ৩২ মিটার দৈর্ঘ্য, ৮ মিটার প্রস্থ ও ৪ মিটার গভীরতার গবেষণা জাহাজটি ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল গতিতে চলাচল করতে পারবে।